একটি সন্তান, একটি গাছ! মানবিক উদ্যোগ নিশ্চয় যান ইউনিয়নের

একটি সন্তান, একটি গাছ! মানবিক উদ্যোগ নিশ্চয় যান ইউনিয়নের

একটি শিশুর জন্মের সঙ্গে যদি জন্ম নেয় একটি গাছও, তাহলে ভবিষ্যতের পৃথিবীটা হয়তো আরও একটু সবুজ হয়ে ওঠে। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে কাঁথি মহকুমা হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ নিল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর্স ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় গর্ভবতী মায়েদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।মাতৃত্বের আনন্দের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তাকে যুক্ত করতেই এই কর্মসূচির আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অসিত দেওয়ান, কাঁথি মহকুমা শাসক প্রতীক ধামাল, কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডা. অরূপ রতন মাইতি, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সংগঠনের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এক হাতে নবজীবনের স্বপ্ন, অন্য হাতে সবুজ পৃথিবীর অঙ্গীকার। কাঁথি মহকুমা হাসপাতালের এই উদ্যোগ মানবিকতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধের এক অনন্য বার্তা তুলে দিল।ব্যুরো রিপোর্ট,এখন খবর ।