গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দ। তারপরই চিৎকার, ছুটোছুটি আর রক্তাক্ত দেহ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকে সোমবার গভীর রাতে ঘটে গেল এক তীব্র সড়ক দুর্ঘটনা, যেখানে গুরুতর জখম হন অন্তত চারজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাউরিও ললাট সংযোগ সড়কের মাঝামাঝি সদ্য নির্মিত একটি তেল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। চালক সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই বেলদা দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় দুই গাড়ির চালক ও দুই হেলপার গুরুতর জখম হন। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠান।

খবর পেয়ে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই শুরু হয় প্রাথমিক তদন্ত। পুলিশের অনুমান, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।ব্যুরো রিপোর্ট এখন খবর ।
